
মালয়েশিয়ার পাহাং রাজ্যে নির্মাণাধীন একটি বহুতল ভবন প্রকল্পে পরিচালিত বিশেষ অভিযানে ৮১ জন বাংলাদেশিসহ মোট ১১৩ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ (জেআইএম)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুর ২টা থেকে শুরু হওয়া যৌথ অভিযানে নির্মাণ প্রকল্পে থাকা ১৪৫ জনের কাগজপত্র যাচাই করা হয়। পরে বিভিন্ন অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ১১৩ জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে রয়েছেন ৮১ জন বাংলাদেশি, ২৯ জন ইন্দোনেশীয়, দুজন নেপালি এবং একজন মিয়ানমারের নাগরিক। তাদের মধ্যে ১০৭ জন পুরুষ ও ছয়জন নারী।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, আটক ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে। বৈধ ভ্রমণ নথি ছাড়া অবস্থানের অভিযোগে ৬১ জন, অনুমোদিত সময়ের বেশি অবস্থান করার অভিযোগে ২৬ জন, আইন লঙ্ঘনের অন্য একটি ধারায় একজন এবং অভিবাসন বিধিমালা ভঙ্গের অভিযোগে আরও ২৭ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রাথমিক আইনি প্রক্রিয়া শেষে আটক সবাইকে পরবর্তী তদন্তের জন্য পাহাং অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট কার্যালয়ে নেওয়া হয়েছে।
এই অভিযানে পাহাং স্টেট এনফোর্সমেন্ট ইউনিট, পাহাং অভিবাসন বিভাগ এবং জেনারেল অপারেশনস ফোর্সের (পিজিএ) মোট ৭০ জন কর্মকর্তা অংশ নেন।