
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের কারণে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) নির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে। এতে প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ের ১৫টি উন্নয়ন প্রকল্পের অনুমোদন প্রক্রিয়া পিছিয়ে গেছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে বৈঠকটি হওয়ার কথা ছিল। এতে সভাপতিত্ব করার কথা ছিল প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন তারেক রহমানের।
সরকারিভাবে বৈঠক স্থগিতের কারণ হিসেবে ‘অনিবার্য কারণ’ উল্লেখ করা হয়েছে। তবে পরিকল্পনা কমিশনের দায়িত্বশীল কর্মকর্তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করেই শনিবার রাতে বৈঠক স্থগিতের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার ফ্লাইটে প্রধানমন্ত্রীর জাপানের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে। সফরের আগে তাঁকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথির দাপ্তরিক কাজ শেষ করতে হবে। একনেকের বৈঠক শুরু হলে দুপুরের খাবারের আগেই তা শেষ করা সম্ভব হতো না। এসব বিষয় বিবেচনায় নিয়ে বৈঠক স্থগিত করা হয়েছে।
অনুমোদনের অপেক্ষায় ১৫ উন্নয়ন প্রকল্প
রোববারের বৈঠকে মোট ১৫টি উন্নয়ন প্রকল্প অনুমোদনের জন্য উপস্থাপনের প্রস্তুতি ছিল। সব মিলিয়ে এসব প্রকল্পের সম্ভাব্য ব্যয় ধরা হয়েছিল প্রায় ৯ হাজার কোটি টাকা।
প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল তিতাস গ্যাসক্ষেত্রে তিতাস-৩২ ও তিতাস-৩৩ নামে দুটি মূল্যায়ন ও উন্নয়ন গ্যাসকূপ খননের উদ্যোগ। এ ছাড়া ‘ইনোভেশন ক্লাইমেট স্মার্ট আরবান ডেভেলপমেন্ট’ এবং নেত্রকোনা বিশ্ববিদ্যালয় স্থাপন প্রকল্পও তালিকায় ছিল।
অনুমোদনের জন্য প্রস্তুত অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান সড়কের ক্ষতিগ্রস্ত অংশ, নর্দমা ও ফুটপাত সংস্কার ও উন্নয়ন।
এ ছাড়া বাংলাদেশ পুলিশের সক্ষমতা বাড়াতে বিশেষায়িত ও অপারেশনাল যানবাহন কেনার দুটি প্রকল্প এবং দেশের পাঁচটি মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিন সেন্টার স্থাপনের উদ্যোগও বৈঠকে উপস্থাপনের জন্য প্রস্তুত রাখা হয়েছিল।
বৈঠক স্থগিত হওয়ায় এসব প্রকল্পের অনুমোদনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।