
ক্লাস এড়াতে স্কুল বন্ধ করানোর পরিকল্পনা করেছিল দিল্লির এক নাবালিকা শিক্ষার্থী। এ উদ্দেশ্যে নিজের স্কুলে বোমা রাখার হুমকি দিয়ে ইমেইল পাঠানোর অভিযোগে শেষ পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছে সে।
শনিবার (২৪ অক্টোবর) দিল্লি পুলিশ এ তথ্য জানিয়েছে। পুলিশ জানায়, গত ২৩ অক্টোবর দিল্লির লোধি রোডে অবস্থিত ‘এয়ার ফোর্স বাল ভারতী স্কুল’ কর্তৃপক্ষের কাছে একটি হুমকিমূলক ইমেইল আসে। বার্তার বিষয়বস্তুতে লেখা ছিল, ‘আপনার ভবনে বোমা রাখা আছে’ (Bombs Placed in Your Building)।
ভারতের রাজধানী দিল্লির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সাম্প্রতিক সময়ে একের পর এক বোমা হামলার হুমকি আসছিল। এমন পরিস্থিতিতে নতুন এই ইমেইল ঘিরে স্কুলজুড়ে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে।
ডিজিটাল তদন্তে শনাক্ত শিক্ষার্থী
হুমকির বার্তা পাওয়ার পরপরই প্রেরককে শনাক্ত করতে তদন্ত শুরু করে দিল্লি পুলিশ। সাইবার ইউনিটের সহায়তায় ইমেইলের ডিজিটাল তথ্য, আইপি ঠিকানা এবং সংশ্লিষ্ট প্রযুক্তিগত সূত্র বিশ্লেষণ করা হয়।
তদন্তে পুলিশ নিশ্চিত হয়, বার্তাটি বাইরের কোনো সন্ত্রাসী গোষ্ঠীর কাছ থেকে আসেনি। বরং স্কুলটিরই এক নাবালিকা শিক্ষার্থীর অ্যাকাউন্ট ব্যবহার করে ইমেইলটি পাঠানো হয়েছিল।
জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, কাউকে ক্ষতি করা নয়, বরং সেদিন স্কুল বন্ধ রাখার ব্যবস্থা করাই ছিল ওই ছাত্রীর উদ্দেশ্য। ছুটি পাওয়ার আশায় সে বোমাতঙ্কের ভুয়া বার্তা পাঠিয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
দিল্লি পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিক্ষার্থী নাবালিকা হওয়ায় ভারতের ‘জুভেনাইল জাস্টিস অ্যাক্ট’-এর প্রযোজ্য ধারায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী আনুষ্ঠানিক কার্যক্রম চলছে।