
বিএনপি জোর করে বেশিদিন ক্ষমতায় টিকে থাকতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তার অভিযোগ, দলটি গায়ের জোরে বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন করছে। অতীতেও ক্ষমতাসীনরা অনেক আইন পাস করলেও সেসব আইন শেষ পর্যন্ত টেকেনি।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে গাইবান্ধা জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির আঞ্চলিক সমন্বয় সভায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। রংপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার নেতাকর্মীদের নিয়ে এ সভার আয়োজন করা হয়।
নাহিদ ইসলাম বলেন, ৫ আগস্টের পর গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও জুলাই সনদ বাস্তবায়ন না করে বিএনপি শুধু ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছিল।
তিনি অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে বিএনপি। দলটি প্রয়াত বেগম খালেদা জিয়ার ওপর আওয়ামী লীগের অত্যাচার-নির্যাতনের কথাও ভুলে গেছে। আওয়ামী লীগের ১৬ বছরের নির্যাতনের ইতিহাস এত সহজে ভুলে যাওয়ার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে এনে জিয়াউর রহমান যে ঐতিহাসিক ভুলের মাশুল দিয়েছেন, একই ভুলের মাশুল যেন প্রধানমন্ত্রী তারেক রহমানকে দিতে না হয়।
জামায়াতে ইসলামীর সঙ্গে জোটের বিষয়ে এনসিপি আহ্বায়ক বলেন, জামায়াতের সঙ্গে তাদের জোট এজেন্ডাভিত্তিক, আদর্শিক নয়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনেও এনসিপি এককভাবে প্রার্থী দেবে বলে জানান তিনি।
সমন্বয় সভায় উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সদস্যসচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম দর্পনসহ স্থানীয় নেতারা।
এর আগে গাইবান্ধায় পৌঁছালে এনসিপির কেন্দ্রীয় নেতাদের ফুল দিয়ে বরণ করে নেন স্থানীয় নেতাকর্মীরা।