
গোপালগঞ্জ সদর উপজেলার সাবেক তিন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যানকে রাজধানীর মতিঝিল এলাকা থেকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাদের বিরুদ্ধে গোপালগঞ্জের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গোপালগঞ্জের পুলিশ সুপার (এসপি) মো. হাবীবুল্লাহ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—বোড়াশী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এম এম মনির আহমেদ (ননী), গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শরীফ আমিনুল হক লাচ্চু এবং জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম সুপারুল আলম (টিকে)।
পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ জানান, গ্রেফতার তিনজন স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে আগে দায়ের করা মামলাগুলোর বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।