
বিশ্ব জলবায়ু সম্মেলন কপ-৩১-এ অংশ নিতে আগামী ১০ নভেম্বর তুরস্ক সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুই দিনের সফর শেষে ১২ নভেম্বর তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি জানান বন ও পরিবেশবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
ব্রিফিংয়ে তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশকে প্রতিবছর ১৫ দশমিক ২ বিলিয়ন ডলারের আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এই ক্ষয়ক্ষতির বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরে কপ-৩১ সম্মেলনে ‘লস অ্যান্ড ড্যামেজ’ বা ক্ষয়ক্ষতি তহবিল থেকে আর্থিক সহায়তা দাবি করবে বাংলাদেশ।
প্রধানমন্ত্রীর পরিবেশবিষয়ক বিশেষ সহকারী ড. সায়মুম পারভেজ জানান, সম্মেলনে ক্ষয়ক্ষতি তহবিলের অর্থের পরিমাণ বাড়ানোর দাবি জানানো হবে। একই সঙ্গে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলো যেন এই তহবিল থেকে প্রয়োজনীয় অর্থ পায়, তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, বাংলাদেশ এককভাবে নয়, বরং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে জোটবদ্ধ হয়ে এসব দাবি তুলে ধরবে।
উল্লেখ্য, আগামী ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনাতোলিয়ায় জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন কপ-৩১ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এবারের সম্মেলনে তুরস্ক সভাপতিত্ব করবে এবং আনুষ্ঠানিক আলোচনার নেতৃত্ব দেবে অস্ট্রেলিয়া। নতুন প্রতিশ্রুতি গ্রহণের পাশাপাশি আগের সম্মেলনগুলোতে নেওয়া সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন নিশ্চিত করার বিষয়টিও এবারের আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে।