
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ভোটার থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন ঢাকা-৮ সংসদীয় আসনের ভোটার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
সোমবার (৭ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নাসীরুদ্দীন পাটওয়ারী আগে ঢাকা উত্তর সিটি করপোরেশনের উত্তরা এলাকার নিবন্ধিত ভোটার ছিলেন। সম্প্রতি নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া অনুসরণ করে ভোটার স্থানান্তরের আবেদন করেন তিনি।
আবেদনটি যাচাই-বাছাই ও সংশ্লিষ্ট দাপ্তরিক নথি পরীক্ষা শেষে অনুমোদন করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন। এর ফলে তিনি এখন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ঢাকা-৮ আসনের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ঢাকা-৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। আসনটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন।
ঢাকা-৮ আসনের মধ্যে ডিএসসিসির ৮ থেকে ১৩ এবং ১৯ থেকে ২১ নম্বর ওয়ার্ড রয়েছে। এ আসনে মোট ভোটার ছিলেন ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন।
নির্বাচনে ‘শাপলা কলি’ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন পাটওয়ারী। নির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের কাছে অল্প ব্যবধানে পরাজিত হন তিনি।