
দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৫ থেকে ৩০ জন নারী-পুরুষকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় গ্রামবাসী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের বাংলাদেশে ঠেলে দেওয়ার জন্য সীমান্তের ভারতীয় অংশে জড়ো করেছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
রোববার (৬ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ১০টার দিকে বিরামপুরের দাউদপুর বিজিবি বিওপির গোবিন্দপুর সীমান্তে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলারসংলগ্ন ভারতের অংশে ২৫ থেকে ৩০ জন নারী-পুরুষকে জড়ো করে রাখে বিএসএফ। তাদের বাংলাদেশে পুশ-ইনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে স্থানীয়ভাবে খবর পাওয়া যায়।
বিষয়টি জানতে পেরে দাউদপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা স্থানীয় গ্রামবাসীদের সঙ্গে নিয়ে দলবদ্ধভাবে সীমান্ত এলাকায় অবস্থান নেন। তারা সেখানে প্রতিরোধ গড়ে তোলেন, যাতে ওই ব্যক্তিদের বাংলাদেশে প্রবেশ করানো না যায়।
প্রায় দুই ঘণ্টা পর পিছু হটে বিএসএফ
বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে প্রায় দুই ঘণ্টা পর বিএসএফ তাদের জড়ো করা লোকজনকে সঙ্গে নিয়েই সীমান্তের পেছনে সরে যায়।
দাউদপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার মাহাবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিজিবি ও গ্রামবাসীর প্রতিরোধের মুখে বিএসএফ জড়ো করা লোকজনকে নিয়ে পিছু হটেছে।
ঘটনার পর গোবিন্দপুরসহ সংশ্লিষ্ট সীমান্ত এলাকায় বিজিবির টহল আরও জোরদার করা হয়েছে। একই সঙ্গে স্থানীয় গ্রামবাসীরাও সতর্ক অবস্থানে রয়েছেন।
নায়েব সুবেদার মাহাবুবুর রহমান বলেন, সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে।