
সিলেট অঞ্চলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধারাবাহিক কর্মসূচির মধ্যেই আবারও হামলার মুখে পড়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। জুলাই পদযাত্রা কর্মসূচি শেষে সিলেট জেলা সদর ও জৈন্তাপুর উপজেলার মধ্যবর্তী সড়ক দিয়ে সিলেটে ফেরার পথে তার বহরে অতর্কিত হামলার ঘটনা ঘটে।
শুক্রবার (৩১ জুলাই) রাতে সংঘটিত এ হামলার বিষয়টি নাসীরুদ্দীন পাটওয়ারীর ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টের মাধ্যমে নিশ্চিত করা হয়। পোস্টের সঙ্গে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, হামলায় বহরে থাকা একটি যাত্রীবাহী গাড়ির সামনের ও পাশের কাঁচ ভেঙে চুরমার হয়ে গেছে। ভাঙা কাঁচের আঘাতে নাসীরুদ্দীন পাটওয়ারীসহ গাড়িতে থাকা আরও অন্তত দুজন আহত ও রক্তাক্ত হয়েছেন।
ঘটনার পর দেওয়া পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী লিখেছেন, ‘তারেক রহমান, আমাকে রক্তাক্ত করে আপনি একটি ভয়াবহ ভুল করেছেন। আপনি সন্ত্রাসের পথে গেলেন। জৈন্তাপুর পদযাত্রার শেষ কর্মসূচি শেষ করে ফেরার পথে...’
একই ঘটনার তথ্য নিশ্চিত করে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক নাহিদ ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও একটি বিবৃতি প্রকাশ করা হয়। সেখানে তিনি লিখেছেন, ‘সিলেটের জৈন্তাপুরে জুলাই পদযাত্রা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে আবারও হামলা করেছে বিএনপির সন্ত্রাসী বাহিনী। হামলাকারীরা গাড়ির কাঁচ ভাঙচুর করে। ভাঙা কাঁচে আহত হন নাসীরুদ্দীন পাটওয়ারীসহ দুইজন আহত হন।’
উল্লেখ্য, সিলেট বিভাগে এনসিপির রাজনৈতিক সফর ঘিরে গত কয়েকদিনে একাধিক সহিংস ঘটনার সৃষ্টি হয়েছে। এর আগে হবিগঞ্জে পদযাত্রা শেষে দলটির কেন্দ্রীয় নেতাদের ওপর হামলা এবং ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে জাতীয় ছাত্রশক্তির কয়েকজন নেতা আহত হন। পরে সিলেটের গোলাপগঞ্জেও এনসিপি নেতাদের বহরে হামলার ঘটনা ঘটে। সর্বশেষ জৈন্তাপুরের এ হামলার মাধ্যমে সিলেট অঞ্চলে কয়েক দিনের ব্যবধানে টানা তৃতীয়বারের মতো এনসিপির গাড়িবহর হামলার শিকার হলো। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ও উদ্বেগ তৈরি হয়েছে।