.jpeg)
আগামীকাল (১৬ জুলাই) কুড়িগ্রামে কৃষক সমাবেশে যোগ দিতে আসছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
বিকেল ৩টায় সদর উপজেলার টগরাইহাট উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিতব্য এ সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
এ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) দুপুরে কুড়িগ্রাম ফায়ার সার্ভিস মার্কেটে এনসিপির জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাঈদ উজ্জ্বল, সদস্যসচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম এবং সদস্য শাহজাহান আলী সুমন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ‘দেশ গড়তে জুলাই জাগরণ’ কর্মসূচির অংশ হিসেবে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্মৃতিবিজড়িত এ কৃষক সমাবেশের আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেবেন দলের সদস্যসচিব আখতার হোসেন।
সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।