
জুলাই আন্দোলনকে ঘিরে সমালোচনার জবাব দিতে গিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, তারা ‘জুলাই ব্যবসায়ী’ পরিচয় মেনে নিলেও কোনোভাবেই চাঁদাবাজি বা সন্ত্রাসের রাজনীতির সঙ্গে যুক্ত নন।
মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যার পর বগুড়া মহানগরীর জিরো পয়েন্ট সাতমাথায় জুলাই স্মৃতিস্তম্ভের সামনে জেলা এনসিপি আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘গত ১৭ বছর একেকজন ব্যাবসায়ী ভাই অনেক কস্ট করে ব্যাবসা করেছে। শেখ হাসিনার গুন্ডা বাহিনী, যুবলীগ, ছাত্রলীগ তাকে ব্যাবসা করতে দেয় নাই। সেও জুলাই আন্দোলনে অংশ গ্রহন করেছেলো, যে নতুন বাংলাদেশে আমাকে চাঁদা দিতে হবে না। কিন্তু ৫ আগস্টের পর দেখলো শেখ হাসিনার আমলের চেয়েও যে বিএনপির ভাইদের আমরা উদ্ধার করতে গেলাম তারা নতুন করে জুলুম চাপিয়ে দিলো। আগে যদি ১০০ টাকা চাঁদা দিতে হতো, এখন ২০০ টাকা চাঁদা দিতে হয়। এই হলো আমাদের নতুন বাংলাদেশ।’
তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা রাজনৈতিক প্রভাব ও চাঁদাবাজির কারণে নানা ভোগান্তির শিকার হয়েছেন। জুলাই আন্দোলনে অংশ নেওয়ার পেছনে তাদের প্রত্যাশা ছিল এমন একটি বাংলাদেশ, যেখানে ব্যবসা পরিচালনায় অবৈধ চাঁদা দিতে হবে না। কিন্তু ৫ আগস্টের পরও সেই পরিস্থিতির পরিবর্তে নতুনভাবে চাঁদাবাজির চাপ তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
শহীদ ওসমান হাদীর হত্যাকাণ্ডের বিচার দাবির প্রসঙ্গ টেনে এনসিপির এই নেতা বলেন, ‘শহীদ ওসমান হাদীর হত্যাকান্ডের বিচারের দাবি নিয়ে যখন আমরা রাজপতে দাঁড়িয়েছি, তখন তারা আমাদের বলল, “তোমরা হাদী ব্যাবসায়ী, তোমরা জুলাই ব্যাবসায়ী।” আরে ভাই হ্যাঁ,আমরা হাদী ব্যবসায়ী, আমরা জুলাই ব্যবসায়ী। আমরা চাঁদাবাজি ব্যাবসায়ী না, আমরা গুন্ডাতন্ত্র কায়েম করি না, আমরা সন্ত্রাস কায়েম করি না।’