
বুকে তীব্র ব্যথা অনুভব করায় বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলকে বগুড়ার টিএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১০ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
তিনি বলেন, গত ৯ জুলাই বগুড়ায় নিজ বাসায় হঠাৎ প্রচণ্ড বুকের ব্যথা অনুভব করলে ডা. পাভেলকে দ্রুত টিএমএস হাসপাতালে ভর্তি করা হয়।
শায়রুল কবির খান আরও জানান, ডা. পাভেলের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা মাসুদ আলমগীর হোসেনের সঙ্গে তার কথা হয়েছে। তিনি জানিয়েছেন, চিকিৎসকদের পর্যবেক্ষণে রেখে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থার উন্নতি সাপেক্ষে যত দ্রুত সম্ভব তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার চেষ্টা করা হবে।
এদিকে বিএনপির পক্ষ থেকে দলটির নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীদের কাছে অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের দ্রুত আরোগ্য কামনায় দোয়া চাওয়া হয়েছে।