
দেশে বিচারব্যবস্থার প্রতি মানুষের আস্থা কমে যাওয়ার পেছনে দীর্ঘসূত্রতা ও মামলাজটকে দায়ী করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। তিনি বলেছেন, মামলা নিষ্পত্তিতে বছরের পর বছর সময় লাগায় সাধারণ মানুষ এখন পুলিশের কাছে যেতে ভয় পায় এবং বিচার পাওয়ার বিষয়ে আস্থা হারাচ্ছে।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর উদ্যোগে আয়োজিত ‘নির্যাতনের শিকার ব্যক্তিদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ শিশির মনির বলেন, ‘একজন ভদ্রলোক কখনো মামলা করতে যেতে চান না। কারণ একটি মামলা নিষ্পত্তি হতে যে পরিমাণ সময় লাগে, একজন মানুষের পক্ষে ততটা ধৈর্য ধারণ করা কঠিন। মানুষ পুলিশের কাছে মামলা করতে ভয় পায়, পুলিশের কাছে যেতে আস্থা পায় না।’
তিনি বলেন, বিচারব্যবস্থায় মামলার জট ক্রমেই বাড়ছে। বর্তমানে হাইকোর্টে ১ হাজার ২৩৬টি মৃত্যুদণ্ডের মামলা ঝুলে আছে উল্লেখ করে তিনি দাবি করেন, আদালতের নিয়মিত কার্যক্রম চললেও আগামী ১০ বছরেও এসব মামলার নিষ্পত্তি করা সম্ভব হবে না।
শিশির মনিরের ভাষ্য, বিচারপ্রাপ্তির পথ দীর্ঘ ও জটিল হয়ে পড়ায় অনেক মানুষ শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে বিচার চাওয়ার চেষ্টা করেন। অথচ বিচার করা সরকারের প্রধানের দায়িত্ব নয়। কিন্তু অন্য কোনো কার্যকর উপায় না পাওয়ায় জনগণ এমন পরিস্থিতির মুখোমুখি হচ্ছে।
আলোচনা সভায় বক্তারা নির্যাতন, বিচারহীনতা এবং দীর্ঘসূত্রিতার সংস্কৃতি থেকে বেরিয়ে এসে আরও কার্যকর ও জনবান্ধব বিচারব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি নির্যাতনের মাধ্যমে স্বীকারোক্তি আদায়ের প্রথা বন্ধ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
অনুষ্ঠানে নির্যাতনের শিকার ব্যক্তি, মানবাধিকারকর্মী, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশ নেন। সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনটির একজন পরিচালক এবং সঞ্চালনা করেন আরেক পরিচালক। এছাড়া মানবাধিকার, আইন ও রাজনীতির বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা বক্তব্য দেন।