
যুগের পর যুগ বিভিন্ন দেশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় মানুষ নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বুধবার (২৪ জুন) প্রকাশিত ওই বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, বিশ্বের বিভিন্ন অঞ্চলে এখনও সংঘাত ও সহিংসতার কারণে সাধারণ মানুষ অমানবিক নির্যাতনের মুখোমুখি হচ্ছে। তিনি গাজাসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় নারী, শিশু ও নিরীহ মানুষের প্রাণহানির ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন।
বিবৃতিতে তিনি দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সময়ে দেশে গুম, খুন, নারী ও শিশু নির্যাতন এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা বেড়েছিল। একই সঙ্গে বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মী, আলেম-ওলামা, সাংবাদিক, আইনজীবী ও বুদ্ধিজীবীদের বিরুদ্ধে হয়রানি ও দমন-পীড়নের অভিযোগও তোলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে বহু মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ আহত হয়েছেন। তার দাবি, অনেক আহত ব্যক্তি এখনও চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, বিগত সরকারের সময়ে মতপ্রকাশের স্বাধীনতা সংকুচিত হয়েছিল এবং বিভিন্ন আইন ব্যবহার করে গণমাধ্যম ও সাংবাদিকদের ওপর চাপ সৃষ্টি করা হয়েছিল। পাশাপাশি দুর্নীতি, চাঁদাবাজি ও টেন্ডারবাজির কারণে দেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
জাতিসংঘ ঘোষিত ‘নির্যাতনের শিকারদের সমর্থনে আন্তর্জাতিক দিবস’ উপলক্ষে বিশ্বের নির্যাতিত ও নিপীড়িত জনগোষ্ঠীর প্রতি সহমর্মিতা প্রকাশ করে জামায়াতের এই নেতা বলেন, মানবাধিকার লঙ্ঘন ও সহিংসতা বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বিবৃতির শেষাংশে তিনি জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং ইসলামি সহযোগিতা সংস্থাসহ (ওআইসি) আন্তর্জাতিক সংগঠনগুলোর প্রতি নির্যাতিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। পাশাপাশি রাজনৈতিক বা অন্য কোনো কারণে কারাবন্দি ব্যক্তিদের মুক্তির বিষয়টি বিবেচনার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।