
ভারতের দিল্লি বিমানবন্দরে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমানকে প্রবেশে বাধা দেওয়ার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। একই সঙ্গে এ ঘটনায় বাংলাদেশ সরকার যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলেও জানান তিনি।
সোমবার (১৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ মন্তব্য করেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং দুঃখজনকও বটে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। আজকের দিন শেষে আমরা এ বিষয়ে আপনাদের জানাবো।’
এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ বিষয়ে কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, ভারতের নয়াদিল্লির বিমানবন্দরে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. জাহেদ উর রহমানের বিষয়ে পুরো ঘটনা জেনে যদি কোনো অ্যাকশন নেওয়ার থাকে, সে অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা কাজ করছেন।
ঘটনার প্রেক্ষাপটে জানা গেছে, ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের দুই দিনের বৈঠকে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেওয়ার কথা ছিল উপদেষ্টা জাহেদ উর রহমানের। তিনি রোববার সন্ধ্যায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে ইমিগ্রেশন বাধার মুখে পড়তে হয়।
কূটনৈতিক চিঠির মাধ্যমে আগেই জানানো সত্ত্বেও ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে দিল্লিতে প্রবেশে বাধা দেয়। পরে উচ্চ মহলের নির্দেশে অনুমতি দেওয়া হলেও তিনি আর দিল্লিতে না গিয়ে কলম্বো হয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। পরে সোমবার দুপুরে তিনি ঢাকায় ফেরেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, বাংলাদেশ হাইকমিশন গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়কে উপদেষ্টার অংশগ্রহণের বিষয়টি অবহিত করেছিল।