
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে পর্যাপ্ত গবেষণা না হওয়ায় বাংলাদেশের ইতিহাসের প্রতি অবিচার করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, এ বিষয়ে গবেষণার ঘাটতি ইতিহাসচর্চাকে অসম্পূর্ণ করে রাখছে।
রোববার (১৪ জুন) জাতীয় প্রেসক্লাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘জিয়াউর রহমানের ওপর গবেষণা এত অপ্রতুল যে ইতিহাসের প্রতি অবিচার করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘আমি যে পশ্চিম বাংলার নাগরিক নই, এটা তিনি তার জাতীয়তাবাদী মনোভাব দিয়ে প্রতিষ্ঠা করেছেন। তিনি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করেছিলেন।’
বিএনপি মহাসচিব যোগ করেন, ‘গণতান্ত্রিক রাজনৈতিক দল ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া কঠিন। জিয়াউর রহমান সেই কাজটিই করার চেষ্টা করেছেন।’
মির্জা ফখরুল আরও বলেন, শুধু খাল খনন নয়, গবেষণা প্রতিষ্ঠান, সুগার ক্যানসহ বিভিন্ন খাতে জিয়াউর রহমান কাজ করেছেন।