
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের এমপি পদের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি নেতা রাশেদ খান। হলফনামায় অসত্য তথ্য দেওয়া হয়েছে কি না, সেই বিষয়কে কেন্দ্র করেই নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।
সোমবার (১৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ প্রশ্ন তোলেন।
তার পোস্টে রাশেদ খান লিখেছেন, ‘হলফনামায় মিথ্যা তথ্য দেওয়ার অপরাধে বাতিল হচ্ছে হান্নান মাসউদের এমপি পদ!? সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে হলফনামায় অসত্য তথ্য উল্লেখ করার বিষয়টি স্বীকার করেছেন হাতিয়ার এমপি হান্নান মাসউদ। ভবিষ্যতে ব্যবসাবাণিজ্য ও আয়কর রিটার্ন দিতে সুবিধা হবে বলে অসত্য তথ্যের ভিত্তিতে হলফনামা হান্নান মাসউদকে তার আইনজীবী করার পরামর্শ দিয়েছেন বলে মাসউদ জানিয়েছেন। যদিও তিনি দাবি করেছেন, তার স্থাবর সম্পদ নাই। তার মানে তার হলফনামায় দেওয়া তথ্য সম্পূর্ণ মিথ্যা।’
তিনি আরও লেখেন, ‘হলফনামায় মিথ্যা তথ্যের বিষয়ে গত ১১ আগস্ট ২০২৫ ইং তারিখে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ সাংবাদিকদের বলেন, ‘কোনো প্রার্থী হলফনামায় মিথ্যা তথ্য দিলে ভোটের পরেও তদন্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সত্যতা মিললে বাতিল হবে প্রার্থিতা, চলে যাবে সংসদ সদস্য (এমপি) পদ। এটি সুনির্দিষ্টভাবে বিধান আরপিওতে সন্নিবেশ করা হয়েছে।’’
রাশেদ খান আরও দাবি করেন, তিনি অতীতে হান্নান মাসউদ সম্পর্কে যে তথ্য দিয়েছেন, তা সঠিক কি না, সেটি তার হলফনামার তথ্য বিশ্লেষণ করলেই বোঝা যাবে।
পোস্টে তিনি আরও উল্লেখ করেন, কিছুদিন আগে হান্নান মাসউদ দাবি করেছেন, তিনি তার সহধর্মিণীর সেমিস্টার ফি একজনের কাছ থেকে ধার করে দিয়েছেন এবং নতুন বাড়ির জন্য কোরবানি ঈদের কুরবানির টাকা ব্যবহার করেছেন, যার মধ্যে এখনো ৩ লাখ টাকা বাকি রয়েছে। রাশেদ খানের মতে, একজন সংসদ সদস্যের এমন বক্তব্য ও আর্থিক অবস্থার দাবি হলফনামায় প্রতিফলিত না হওয়ায় প্রশ্ন তৈরি হচ্ছে।