
আসন্ন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটকে সামনে রেখে ‘ছায়া বাজেট’ ঘোষণা করতে যাচ্ছে সংসদের বিরোধীদল বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ উপলক্ষে মঙ্গলবার (১০ জুন) রাজধানীতে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে দলটি।
রবিবার (৭ জুন) রাতে দলটির কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুরে রাজধানীর মগবাজারের আল ফালাহ মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে দলের পক্ষ থেকে বিকল্প বাজেটের রূপরেখা উপস্থাপন করা হবে।
সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলেও জানানো হয়েছে।
দলটির পক্ষ থেকে বলা হয়েছে, জাতীয় বাজেট ঘোষণার আগে অর্থনৈতিক দিকনির্দেশনা ও প্রস্তাবনা তুলে ধরতেই এই ছায়া বাজেট উপস্থাপন করা হবে।