
জাতীয় সংসদের চলমান অধিবেশনে নোটিশের ওপর কথা বলতে গিয়ে নিজের উত্থাপিত বিষয় নিয়েই কিছুটা বিভ্রান্তিতে পড়েন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজা। পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজেই তাঁর আলোচনার বিষয়বস্তু নির্দিষ্ট করে দিলে সংসদ সদস্য পৌর এলাকার জরুরি নাগরিক সংকট নিয়ে বক্তব্য দেন।
আজ রোববার (৭ জুন) জাতীয় সংসদের সাধারণ অধিবেশনে এই নজরকাড়া ও ব্যতিক্রমী ঘটনাটি ঘটে।
মাইক পাওয়ার পর বক্তব্যের শুরুতেই নিজের ধন্দের কথা প্রকাশ করে আমির হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। নোটিশ দিয়েছি প্রায় ৩০টা, কোনটার ওপরে বলব? আমি তো জানি না।’
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাঁকে নিয়ম মনে করিয়ে দিয়ে হাস্যরসাত্মকভাবে বিষয় ঠিক করে দেন। স্পিকার বলেন, ‘দৈনিক একটা নোটিশ দেবেন। কুষ্টিয়া পৌরসভার পানি সংকট আছে না কি? এ নিয়ে বলেন।’
স্পিকারের নির্দেশনা পাওয়ার পর সংসদ সদস্য আমির হামজা কুষ্টিয়া শহরের মূল সমস্যাগুলো তুলে ধরে নিজের বক্তব্য শুরু করেন। তিনি বলেন, ‘কুষ্টিয়া পৌরসভার পানি নিষ্কাশন ব্যবস্থাটা দিন দিন অকেজো হয়ে পড়ার কারণে আমাদের জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। এটা আমি কয়েকবার পৌর কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। এখন তো নির্বাচিত মেয়র নেই। বর্তমান সরকারের পক্ষ থেকে যিনি দায়িত্বে আছেন, তার সঙ্গে নির্বাচিত হওয়ার পর থেকে প্রায় ৩-৪ বার বসেছিলাম। কিন্তু উনার যে কর্মকাণ্ড বা উদ্যোগ, আমাদের কাছে সন্দেহজনক মনে হচ্ছে। কারণ কাজ-কর্মের কোনো গতি এখনো বৃদ্ধি করতে পারছি না।’
প্রশাসনিক অসহযোগিতার ক্ষোভ প্রকাশ করে স্পিকারের উদ্দেশে তিনি আরও বলেন, ‘নির্বাচিত সংসদ সদস্য হওয়ার পরও তার কাছে যে সমস্ত বিষয় পাওয়ার কথা, সেগুলো না পাওয়ার কারণে জনমনে আমাদের প্রতি একটা ভিন্ন ধারণা তৈরি হচ্ছে। সুতরাং আমরা আপনার মাধ্যমে আমাদের পৌরসভার কর্তৃপক্ষসহ আরও স্থানীয় সরকারের যে সমস্ত বিষয়গুলো আছে, সংসদ সদস্য যে দলেরই হোক না কেন, তাদের যে বিষয়গুলো উত্থাপিত হয়, এ বিষয়গুলোর সঙ্গে তারা যেন একমত হয়ে জনদুর্ভোগ দূর করার কাজ করেন। আমরা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদাত্ত আহ্বান জানাই।’
স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয়হীনতা দূর করে দ্রুত জনদুর্ভোগ লাঘবের দাবি জানিয়ে এবং স্পিকারকে ধন্যবাদ জ্ঞাপন করে কুষ্টিয়া সদর আসনের এই সংসদ সদস্য তাঁর বক্তব্য শেষ করেন।