
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে পাঁচ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঞ্জু (৩৩) নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
সোমবার (৮ জুন) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মঞ্জু স্থানীয় ‘আলিফ কাচ্চি রেস্টুরেন্ট’-এ কর্মরত ছিলেন বলে জানা গেছে। তার বাবার নাম দেলোয়ার হোসেন। তার পৈতৃক নিবাস গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের করিমখাঁ গ্রামে হলেও তার পরিবার নারায়ণগঞ্জে বসবাস করে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টার দিকে ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে নিজ বাসার পাশের একটি নলকূপের সামনে দাঁড়িয়ে ছিল শিশুটি। এ সময় ওই পথ দিয়ে যাওয়ার সময় মঞ্জু পানি খাওয়ার অজুহাতে শিশুটির কাছে যান। একপর্যায়ে তিনি শিশুটিকে জাপটে ধরে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন। শিশুটির মা বিষয়টি দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত মঞ্জুকে আটক করে গণধোলাই দেয় এবং পুলিশে খবর দেয়।
তবে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন মঞ্জু। তিনি দাবি করেন, “আমি প্রায় দুই মাস ধরে ভবেরচর ঈদগাহ এলাকার আলিফ কাচ্চি রেস্টুরেন্টে কাজ করছি। সোমবার সকালে ডিউটি শেষে নয়াকান্দি গ্রামে হাঁটতে বের হয়েছিলাম। নলকূপের পাশে শিশুটিকে একা পেয়ে নাম জিজ্ঞেস করতেই স্থানীয়রা আমাকে মারধর শুরু করে। আমি কোনো অনৈতিক কাজের সঙ্গে জড়িত নই।”
ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ মিয়া বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং স্থানীয়দের হেফাজতে থাকা অভিযুক্তকে উদ্ধার করি। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”