
কুমিল্লা জেলা পরিষদের অর্থ বরাদ্দ নিয়ে ওঠা এক অভিযোগকে ঘিরে তীব্র রাজনৈতিক উত্তাপ তৈরি হয়েছে। জেলা পরিষদের বর্তমান প্রশাসক মোস্তাক মিয়া সম্প্রতি অভিযোগ করেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া দায়িত্বে থাকাকালে প্রায় ১৫ কোটি টাকা নেওয়া হয়েছে। এই অভিযোগের প্রতিক্রিয়ায় আসিফ মাহমুদ প্রশাসককে ‘মূর্খ’ বলে কটাক্ষ করেন।
শনিবার (৩০ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এই মন্তব্য করেন। ভিডিওতে আসিফ মাহমুদ অভিযোগকারীর প্রশাসনিক জ্ঞান নিয়ে প্রশ্ন তোলেন এবং বলেন, প্রশাসক হিসেবে এমন ব্যক্তিদের নিয়োগ দেওয়া হয়েছে যারা সরকারি বরাদ্দ ও অর্থ ব্যবস্থাপনার মৌলিক ধারণাই বোঝেন না।
তিনি বলেন, জেলা পরিষদ ও সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে যাদের নিয়োগ দেওয়া হয়েছে, তাদের অনেকেরই প্রশাসনিক অভিজ্ঞতা নেই এবং তারা নির্বাচনেও সফল হতে পারেননি। তাঁর মতে, এ ধরনের ব্যক্তিরা এখন ভুল ব্যাখ্যা দিয়ে জনসম্মুখে বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন।
অর্থ নেওয়ার অভিযোগ প্রসঙ্গে আসিফ মাহমুদ দাবি করেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাজেট ও বরাদ্দ একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে পরিচালিত হয়। বিশেষ বরাদ্দ ও সাধারণ বরাদ্দ আলাদা প্রক্রিয়ায় দেওয়া হয় এবং এর সঙ্গে ব্যক্তিগতভাবে কোনো অর্থ নেওয়ার সুযোগ নেই।
তিনি আরও বলেন, বরাদ্দ মূলত জনগণের আবেদন ও প্রয়োজনের ভিত্তিতে মন্ত্রণালয় অনুমোদন দেয় এবং পরে স্থানীয় পর্যায়ের কমিটি তা খরচের খাত নির্ধারণ করে। কুমিল্লার ক্ষেত্রেও একই প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে বলে তিনি দাবি করেন।
সাবেক এই উপদেষ্টা বলেন, প্রশাসক বরাদ্দ ব্যবস্থার মৌলিক বিষয় না বুঝে মন্তব্য করেছেন, আর সেটাকেই তিনি ‘ভুল তথ্য’ হিসেবে আখ্যা দেন। একই সঙ্গে তিনি দাবি করেন, এই পুরো বরাদ্দ প্রক্রিয়ার সঙ্গে তাঁর কোনো ব্যক্তিগত সংশ্লিষ্টতা নেই।