
এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ধান মার্কা ক্ষমতায় থাকলেও আসল ধান পানিতে তলিয়ে গেছে। বাজেটে শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না, কৃষক কতটুকু সুবিধা পাচ্ছে সেটি দেখতে হবে। শেখ হাসিনা স্মার্ট কার্ডের নামে অনেক টাকা হাতিয়ে নিয়ে গেছে। এখন নতুন প্রকল্প এসেছে, খাল কাটার প্রকল্প, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড। আমরাও কার্ড এনেছি, লাল কার্ড। এগুলো বিফলে গেলে আমরা লাল কার্ড দেখাবো।
বুধবার (১৩ মে) রাজধানীতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘ধান কেনার মৌসুমে সরকারি শর্ত ও অসময়ের অতিবৃষ্টিতে কৃষকের হাহাকার: সংকট ও উত্তরণের পথ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “ধান মার্কা ক্ষমতায় থাকলেও আসল ধান পানিতে তলিয়ে গেছে। বাজেটে শুধু একটি কার্ড হাতে ধরিয়ে দিলেই হবে না, কৃষক কতটুকু সুবিধা পাচ্ছে সেটি দেখতে হবে।”
তিনি অভিযোগ করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা “স্মার্ট কার্ডের নামে অনেক টাকা হাতিয়ে নিয়েছেন।” একইসঙ্গে তিনি বর্তমান সরকারের বিভিন্ন প্রকল্প যেমন খাল কাটার প্রকল্প, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড নিয়েও সমালোচনা করেন।
এ সময় তিনি বলেন, “আমরাও কার্ড এনেছি, লাল কার্ড। এগুলো বিফলে গেলে আমরা লাল কার্ড দেখাবো।”
সরকারের কাছে কৃষকদের জন্য একটি সুস্পষ্ট অ্যাকশন প্ল্যান দাবি করে এনসিপির এই নেতা বলেন, কৃষকের বাস্তুভিটাসহ সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং ইউনিয়নভিত্তিক গুদামঘর চালু করতে হবে।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও দাবি করেন, নির্বাচনের আগে সরকার ভারতের কাছে “মেরুদণ্ড বিক্রি করে দিয়েছে”, তাই বড় বড় ইস্যুতেও সরকারের পক্ষ থেকে শক্ত অবস্থান দেখা যাচ্ছে না।
সেমিনারে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে কৃষকরা উৎপাদন খরচই তুলতে পারছেন না। তিনি অভিযোগ করেন, কৃষক কার্ড প্রকৃত সংকটে কোনো কার্যকর ভূমিকা রাখছে না।
তিনি মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ করে কৃষকদের সরাসরি সহায়তা দেওয়ার আহ্বান জানান।