
মহান মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান ছিলেন স্বাধীনতার ঘোষক, তবে তিনি সেই ঘোষণা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে বলে মন্তব্য করেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী।
সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে আয়োজিত টকশোতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধ না থাকলে বিএনপির জন্ম হতো না, আর মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে আওয়ামী লীগ। তাই এই দুই দলেরই মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলার নৈতিক অধিকার রয়েছে।
তিনি অভিযোগ করেন, অনেক রাজনৈতিক নেতা জিয়াউর রহমানকে ছোট করার চেষ্টা করেছেন। তবে তার ভাষায়, জিয়াউর রহমান এত ছোট নন; তিনি মুক্তিযুদ্ধের এক প্রবাদপুরুষ।
বঙ্গবীর বলেন, মুক্তিযুদ্ধে একমাত্র স্বাধীনতার ঘোষক ছিলেন জিয়াউর রহমান। তবে তিনি সেই ঘোষণা দিয়েছিলেন শেখ মুজিবুর রহমানের পক্ষে। নিজের উদ্যোগে তখন তার স্বাধীনতার ঘোষণা দেওয়ার মতো পরিস্থিতি বা ক্ষমতা তার ছিল না বলেও মন্তব্য করেন তিনি।
কাদের সিদ্দিকী আরও বলেন, জিয়াউর রহমানকে যেমন ইতিহাস থেকে মুছে ফেলা যাবে না, তেমনি হাজার বছরেও শেখ মুজিবুর রহমানকে মুছে দেওয়া সম্ভব নয়।
এ সময় তিনি আরও বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, এ কে ফজলুল হক এবং শামসুল হকের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদেরও ইতিহাস থেকে মুছে ফেলা সম্ভব নয়।