
সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থিতা ফিরে পেলেন না জামায়াত জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। তার মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত বহাল রেখেছে নির্বাচন কমিশন (ইসি), তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।
সোমবার সকাল ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত আপিল শুনানি শেষে কমিশন এই সিদ্ধান্ত জানায়।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার সাংবাদিকদের বলেন, শুনানিতে মনিরা শারমিনের প্রার্থিতা পুনর্বহালের মতো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পাওয়া যায়নি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ চারজন কমিশনার উপস্থিত ছিলেন।
এর আগে গত ২৩ এপ্রিল রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র বাতিল করেন। সিদ্ধান্তে বলা হয়, গণপ্রতিনিধিত্ব আদেশ-১৯৭২ অনুযায়ী সরকারি চাকরি থেকে পদত্যাগের পর তিন বছর পূর্ণ না হলে নির্বাচনে অংশ নেওয়া যায় না।
এই সিদ্ধান্তের বিরুদ্ধে রোববার আপিল করেন মনিরা শারমিন।
তার হলফনামায় উল্লেখ করা হয়েছে, তিনি ২০২৩ সালের ১১ নভেম্বর রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মকর্তা হিসেবে যোগ দেন এবং ২০২৫ সালের ডিসেম্বর মাসে চাকরি ছেড়েছেন। ফলে চাকরি ছাড়ার পর এখনো তিন বছর পূর্ণ হয়নি; এ পর্যন্ত সময় অতিবাহিত হয়েছে মাত্র সাড়ে চার মাস।