
বিএনপি থেকে বহিষ্কারের পর রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনার মধ্যে নিজের অবস্থান স্পষ্ট করলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা। নতুন কোনো দলে যোগ দেওয়ার গুঞ্জনকে তিনি সরাসরি ‘গুজব’ বলে প্রত্যাখ্যান করেছেন।
জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়চে ভেলে বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দেওয়ার আলোচনা ‘একেবারেই গুজব’ এবং এর সঙ্গে ‘ন্যূনতম কোনো সত্যতা নেই’।
রুমিন ফারহানা জানান, বিএনপি থেকে বহিষ্কারের পর বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তিনি বলেন, এনসিপির পক্ষ থেকেও তাকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, তবে তিনি এতে সাড়া দেননি।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, এনসিপির নেতারা তাকে দলে যুক্ত হয়ে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছিলেন, কিন্তু তিনি বিষয়টিকে গুরুত্ব দেননি এবং কোনো আলোচনা এগিয়ে নেননি।
বিএনপি থেকে বহিষ্কারের পর তাকে ঘিরে যে রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছিল, এই বক্তব্যের মাধ্যমে সেসব গুঞ্জনের অবসান ঘটানোর চেষ্টা করেছেন তিনি।