
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশের শীর্ষ পীর, মাশায়েখ, আলেম, ওলামা, ইমাম ও খতিবদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে ইসলামী নেতাদের বিএনপির প্রতি সমর্থনের খবর প্রকাশিত হওয়ার পর তিনি এ প্রতিক্রিয়া জানান।
বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে তারেক রহমান বলেন, “জাতির একটি ঐতিহাসিক মুহূর্তে দেশের শীর্ষ আলেম ওলামাদের এই অবস্থান জনগণকে সঠিক পথ নির্দেশনা দেবে।”
চেয়ারম্যান আরও বলেন, “আলেম ওলামাদের স্পষ্ট অবস্থান ইসলামি মূল্যবোধে বিশ্বাসী দল বিএনপির বিরুদ্ধে অপপ্রচার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে জাতীয় নির্বাচনকে সামনে রেখে জনগণ তাদের রাজনৈতিক, সামাজিক ও অধিকার প্রতিষ্ঠায় সঠিক নির্দেশনা পাবেন বলে আমি মনে করি।”
তিনি শেষ করেন, “আমি সম্মানিত আলেম ওলামাদের আবারও ধন্যবাদ জানাই এবং ভবিষ্যতেও ইসলামি মূল্যবোধের আলোকে দল-মত-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের জন্য নিরাপদ ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠায় তাদের অব্যাহত সহযোগিতা কামনা করি।”