
আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানিয়ে ঢাকা-৮ আসনের গণঅধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম প্রধান উপদেষ্টাকে খোলা চিঠি দিয়েছেন।
মেঘনা আলম তার চিঠিতে উল্লেখ করেছেন, নির্বাচনী প্রস্তুতির সময় তার নিরাপত্তা নিয়ে চরম অবহেলা ও বৈষম্য প্রদর্শন করা হচ্ছে। একই দিনে বহু নতুন ও কম ঝুঁকিপূর্ণ রাজনৈতিক নেতাকে নিরাপত্তা সহায়তা প্রদান করা হলেও, তিনি একজন সংসদ সদস্য প্রার্থী এবং দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ আসনের একমাত্র নারী প্রার্থী হওয়ায় যথাযথ নিরাপত্তা পাননি।
তিনি আরও বলেন, স্পেশাল ব্রাঞ্চ কর্তৃপক্ষ তার নিরাপত্তা ঝুঁকি সম্পর্কে সচেতন এবং উদ্বিগ্ন, কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের লিখিত অনুমোদন ছাড়া তারা কোনো ব্যবস্থা নিতে পারছে না। অতীতে তাকে বেআইনিভাবে আটক করা হয়েছে, যা দেশের জনগণের নজরে এসেছে।
মেঘনা আলম হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “আল্লাহ না করুন, নির্বাচনি প্রক্রিয়ায় আমার বা আমার সঙ্গে সংশ্লিষ্ট কেউ যদি ক্ষতির সম্মুখীন হন, তার সম্পূর্ণ দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের, বিশেষ করে স্বরাষ্ট্রবিষয়ক দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টার।” তিনি অবিলম্বে নিরাপত্তা নিশ্চিত করার জন্য নির্দেশনার আবেদন জানিয়েছেন।