
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনকালীন যেকোনো নাশকতামূলক কর্মকাণ্ড, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিহত করার নির্দেশ দিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী।
বুধবার (১১ ফেব্রুয়ারি) রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় বিজিবির একাধিক নির্বাচনী বেইজ ক্যাম্প পরিদর্শনকালে তিনি দায়িত্বরত সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন।
মহাপরিচালক বিজিবির নির্বাচনী বেইজ ক্যাম্পগুলো—মুগদা আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা হাজি ক্যাম্প এবং গাজীপুরের টঙ্গী—পরিদর্শন করেন। এ সময় তিনি নির্বাচনে বিজিবির সার্বিক প্রস্তুতি, আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ ও অপারেশনাল সক্ষমতা পর্যালোচনা করেন।
মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বিজিবি সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দিয়ে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষায় কোনো শৈথিল্য বা গাফিলতি গ্রহণযোগ্য নয়। ভোটাররা নির্বিঘ্ন ও শঙ্কামুক্ত পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই জন্য টহল, চেকপোস্ট এবং তল্লাশি কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।
তিনি আরও বলেন, ভোটার ও সাধারণ জনগণের সঙ্গে ভদ্র, মানবিক ও দায়িত্বশীল আচরণ বজায় রাখার আহ্বান জানিয়েছেন। মহাপরিচালক আশা প্রকাশ করেন, বিজিবি সদস্যরা সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে তাদের দায়িত্ব পালন করবে।