
ঢাকা-১৭ আসনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনি গণসংযোগে অংশ নিয়েছেন ব্যারিস্টার জাইমা রহমান।
শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে গুলশানের পুলিশ প্লাজা এলাকা থেকে গণসংযোগ শুরু করেন জাইমা রহমান। তিনি গুলশানের বিভিন্ন সড়ক ঘুরে সাধারণ মানুষের কাছে ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে ভোট চান। এ সময় পথচারী, রিকশা ও সিএনজি চালক, দোকানি, ফুটপাতের বিক্রেতা এবং শপিংমলে আসা সাধারণ ভোটারদের হাতে নির্বাচনি লিফলেট বিতরণ করেন।
ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি তারেক রহমানের কন্যা জাইমা রহমান। আমার বাবা ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী। আপনাদের কাছে তার পক্ষে ভোট চাই।”
গণসংযোগকালে জাইমা রহমান পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে বীজ বিতরণ করেন। তিনি জানান, এই বীজ লিফলেটের সঙ্গে মাটিতে বা টবে রোপণ করলে গাছ জন্মাবে। নির্বাচনি বর্জ্য কমানো এবং পরিবেশ রক্ষার উদ্দেশ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
গণসংযোগে তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার পরিচর্যাকারী ফাতেমা খাতুন। নিরাপত্তা সদস্যদের উপস্থিতি থাকলেও জাইমা সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মিশে ভোট চাইতে মাঠে উপস্থিত হন।
গুলশান পুলিশ প্লাজা থেকে শুরু হয়ে গুলশান-১ সার্কেল পর্যন্ত চলা গণসংযোগে তাকে ঘিরে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়। অনেকেই তার সঙ্গে ছবি তোলার জন্য এগিয়ে আসেন, যা তিনি আনন্দের সঙ্গে গ্রহণ করেন।