
ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, যেকোনো মূল্যে আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে ভোট অনুষ্ঠিত হবে এবং আপনারা ভোট দিতে কেন্দ্রে আসবেন।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর মালিবাগ এলাকায় নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “যদি কেউ ভয় দেখানোর চেষ্টা করে, সেদিকে কর্ণপাত না করে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। গত ১৫ বছরে যারা ভোট দিতে পারেননি, তারা এবার ভোট দেওয়ার সুযোগ গ্রহণ করবেন।” তিনি অভিযোগ করেন, কিছু মানুষ আন্দোলনের নামে নির্বাচন পেছানোর অপচেষ্টা চালাচ্ছে।
নির্বাচন ও সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং তারাই নির্বাচন আয়োজন করবে। অন্যদিকে বিচারালয় স্বাধীনভাবে বিচার কার্যক্রম পরিচালনা করবে। তিনি বলেন, “সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানোর যে চেষ্টা করা হচ্ছে, সেটি সঠিক নয়। দুইটি বিষয় একে অপরের সঙ্গে সাংঘর্ষিক নয়।”
শহীদ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে শাহবাগে অনুষ্ঠিত আন্দোলনের প্রসঙ্গ টেনে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, “গতকালের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ যেভাবে হামলা ও লাঠিচার্জ করেছে, তা প্রশাসনের জন্য লজ্জাজনক। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।”
তিনি আরও বলেন, পুলিশের হামলায় অনেক আন্দোলনকারী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি নিজে হাসপাতালে গিয়ে আহতদের খোঁজখবর নিয়েছেন বলে জানান। “জাবের, জুমাসহ অনেকে গুরুতর আহত হয়েছেন। এমনকি একজন প্রার্থী মহিউদ্দিন রনিকেও মারধর করা হয়েছে,” বলেন তিনি।
নাসীরুদ্দীন পাটওয়ারী আশা প্রকাশ করে বলেন, সরকার এই ধরনের দমনমূলক সংস্কৃতি থেকে সরে এসে একটি নতুন ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে আন্তরিক হবে।