
বাংলাদেশ ব্যাংক আদেশ, ১৯৭২-এর সংশোধনের প্রস্তাব চূড়ান্ত অনুমোদনের পথে আটকে গেছে। অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গভর্নরের কাছে চিঠি পাঠিয়ে এই প্রস্তাবকে ‘সংবেদনশীল’ আখ্যা দিয়েছেন। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, প্রয়োজন হলে নির্বাচিত সরকারই এটি সংশোধন করবে।
গভর্নর ড. আহসান এইচ মনসুর দায়িত্ব গ্রহণের পর থেকে দেশের ব্যাংক খাতে চলমান অনিয়ম ও সুশাসনের ঘাটতি দূর করার লক্ষ্যে নানা উদ্যোগ নেন। এর মধ্যে ছিল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধনের খসড়া প্রণয়ন। খসড়ায় গভর্নর ও ডেপুটি গভর্নর নিয়োগ, ব্যাংকের জনবল নিয়োগ, দুর্নীতি কমাতে সমন্বিত তদারকি কাঠামো, পরিশোধিত মূলধন ১০০ কোটি টাকা করার প্রস্তাব এবং সংসদীয় জবাবদিহিতা সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্ত ছিল।
গত বছরের অক্টোবরে খসড়া অনুমোদনের জন্য অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হলেও আমলাতান্ত্রিক জটিলতার কারণে ফাইলের গতিহীনতার কারণে কোনো অগ্রগতি হয়নি। শেষ পর্যন্ত সংশোধনের বিষয়টি স্থগিত হয়ে গেছে।
ড. সালেহউদ্দিন আহমেদ চিঠিতে বলেন, “বাংলাদেশ ব্যাংক আদেশের মতো মৌলিক আইন সংশোধনের জন্য সতর্ক পদক্ষেপ প্রয়োজন। গুরুত্বপূর্ণ অংশীজন ও বিশেষজ্ঞদের সঙ্গে বিস্তারিত পরামর্শের পরই রাজনৈতিক সরকার এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে।”