
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, সারা দেশে উৎসাহ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নির্বাচনী প্রচারণা চলছে, যা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি অত্যন্ত ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত। তিনি বলেন, কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছেন না, কোনো অভদ্র আচরণও চোখে পড়ছে না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত উচ্চপর্যায়ের বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম প্রধান উপদেষ্টার বরাতে এসব কথা জানান।
ড. ইউনূস বলেন, “আমাদের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির জন্য এটি খুবই ইতিবাচক পরিবর্তন। এখন পর্যন্ত নির্বাচন প্রস্তুতির পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে। আমরা সন্তুষ্ট—উই আর ভেরি হ্যাপি।”
তবে তিনি স্পষ্ট করে বলেন, প্রস্তুতি ভালো হলেও এখনো মূল চ্যালেঞ্জ বাকি। “আমাদের জন্য এখন চ্যালেঞ্জ হচ্ছে টু মেক ইট পারফেক্ট। ভোটটা যাতে পারফেক্ট হয়, সেটাই এখন প্রধান চ্যালেঞ্জ,”—বলেন প্রধান উপদেষ্টা।
প্রেস সচিব জানান, ড. ইউনূস আগামী এক সপ্তাহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, এই সময়ের মধ্যেই নির্বাচন ঘিরে সার্বিক পরিবেশ আরও সুসংহত করতে হবে।
প্রধান উপদেষ্টা আশাবাদ ব্যক্ত করে বলেন, ভোট হবে উৎসবমুখর। নারীরা আনন্দের সঙ্গে ভোট দেবেন, মানুষ পুরো পরিবার নিয়ে একসঙ্গে ভোট উৎসবে অংশ নেবে।
তিনি বলেন, “আমি আশা করি, এই নির্বাচন বাংলাদেশের ইতিহাসে একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে।”