.jpg)
নাটকীয়তা ও বিতর্কের মধ্য দিয়ে শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে আন্তর্জাতিক এই মঞ্চে বাংলাদেশকে পরিকল্পিতভাবে বাইরে রাখা হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীনের আমির ডা. শফিকুর রহমান। তিনি এ প্রসঙ্গে বলেছেন, ক্রিকেটারদের সঙ্গে পুরো জাতিকেও অপমান করা হয়েছে।
শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, “প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হলো। স্বাভাবিকভাবেই আমরা সবাই অপেক্ষা করছিলাম টিভির পর্দায় টাইগারদের লড়াই এবং বিজয়ের মুহূর্ত দেখতে।”
তিনি আরও লিখেছেন, “দুঃখের বিষয়, আন্তর্জাতিক মঞ্চে আমাদের অংশগ্রহণ থাকা সত্ত্বেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের ক্রিকেটারদের সঙ্গে জাতিকেও অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো।”
ক্রিকেটারদের উদ্দেশে তিনি যোগ করেছেন, “প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সাথে সমব্যথী। দেশের মর্যাদা ও স্বপ্নের সঙ্গে কোনো আপস নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। দৃঢ়ভাবে বলতে চাই, ইনশাআল্লাহ, আমরা বাংলাদেশকে আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাব।”
পোস্টের শেষাংশে জামায়াত আমির আশা প্রকাশ করেছেন, “বাংলাদেশ গর্ব, শক্তি এবং সম্মান নিয়ে ফিরবে।”