
নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করতে শিক্ষার পাশাপাশি কর্মজীবনে প্রবেশ এবং দীর্ঘ বিরতির পর আবারও কর্মক্ষেত্রে ফেরার সুযোগ তৈরি করতে হবে বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান। তাঁর মতে, নারীর পূর্ণ সক্ষমতার বিকাশ ও টেকসই অর্থনৈতিক স্বাবলম্বিতাই হবে আগামীর জাতীয় অর্থনীতির মূল ভিত্তি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর একটি হোটেলে আমেরিকা বাংলাদেশ চেম্বার অব কমার্স আয়োজিত এক বিশেষ সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
নারীশিক্ষার বর্তমান সংকট তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, দেশের মাধ্যমিক পর্যায়েই প্রায় ৩৫ শতাংশ ছাত্রী পড়াশোনা থেকে ঝরে পড়ছে। এটি নারীদের দীর্ঘমেয়াদি অর্থনৈতিক নিরাপত্তাকে মারাত্মকভাবে দুর্বল করে তুলছে। এ ছাড়া দেশের ৯০ হাজারেরও বেশি গ্রামগঞ্জের লাখ লাখ নারী এখনো জাতীয় অর্থনীতির মূলধারার বাইরে রয়েছেন।
তিনি বলেন, প্রকৃত নারী ক্ষমতায়ন নিশ্চিত করতে শুধু শিক্ষার সুযোগ সৃষ্টি করলেই হবে না। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে কর্মসংস্থান এবং নীতিনির্ধারণী নেতৃত্বের পর্যায় পর্যন্ত নারীদের জন্য ধারাবাহিক প্রাতিষ্ঠানিক সহযোগিতার ব্যবস্থা গড়ে তুলতে হবে।
জেডআরএফের ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার স্নাতক পর্যায় পর্যন্ত নারী শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি নারীদের বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি, উদ্ভাবন ও নেতৃত্বের দক্ষতা বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে বিভিন্ন যুগোপযোগী পদক্ষেপ বাস্তবায়নে কাজ করছে সরকার।