
ডিসেম্বর ও জানুয়ারিতে দেশের বিভিন্ন অঞ্চলে শীতের প্রকোপ বাড়তে পারে। আগামী তিন মাসে দেশে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর মধ্যে দুই থেকে তিনটি তীব্র আকার ধারণ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত জানুয়ারি পর্যন্ত সময়ের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, আগামী তিন মাসে চার থেকে ছয়টি মৃদু ও মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। ডিসেম্বর ও জানুয়ারিতে শীতের তীব্রতা বাড়ার পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় কুয়াশার ঘনত্বও বৃদ্ধি পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার গড় স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে। তবে শৈত্যপ্রবাহের সময় উত্তরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় তীব্র শীত অনুভূত হওয়ার আশঙ্কা রয়েছে।
এ ছাড়া আগামী তিন মাসে বঙ্গোপসাগরে দুই থেকে চারটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে এক থেকে দুটি লঘুচাপ ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
আবহাওয়াবিদ মো. মমিনুল ইসলাম জানান, জানুয়ারি পর্যন্ত বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সময়ে শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকাসহ বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।
তিনি বলেন, কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে আসতে পারে। এতে শীতের অনুভূতি বাড়বে। শৈত্যপ্রবাহের সময় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকিও বেড়ে যেতে পারে।