
মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানো ও আধুনিকায়নে দুটি কনটেইনার জেটি নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ জন্য ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে নেওয়া একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার বেলা ১১টা ১৫ মিনিটে বাগেরহাটের মোংলায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এ তথ্য জানান।
প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণের পাশাপাশি সংশ্লিষ্ট আনুষঙ্গিক অবকাঠামোর উন্নয়ন করা হবে। এর মাধ্যমে মোংলা বন্দরের পণ্য ও কনটেইনার পরিচালনার সক্ষমতা বাড়ানোর পাশাপাশি বন্দরসেবার আধুনিকায়ন করা হবে।
এর আগে এক দিনের সরকারি সফরে খুলনা ও বাগেরহাটের বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে মোংলায় পৌঁছান প্রধানমন্ত্রী।
সেখানে পৌঁছে তিনি বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (ইনভেস্ট বাংলাদেশ) ও চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের (সিআরসিসি) মধ্যে অর্থনৈতিক ও অবকাঠামোগত সহযোগিতাবিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেন।
ইনভেস্ট বাংলাদেশের পক্ষে সংস্থাটির ইন্ডাস্ট্রিয়াল জোনস বিভাগের সদস্য সালেহ আহমেদ এবং চীনা পক্ষের হয়ে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশনের চেয়ারম্যান লি চংইয়াং সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এমওইউ অনুযায়ী, জ্বালানি, শিল্প অবকাঠামো, পরিবেশবান্ধব অবকাঠামো, পরিবহন, লজিস্টিকস ও মানবসম্পদ উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন খাতে বিনিয়োগের সুযোগ সম্প্রসারণে কাজ করবে দুই পক্ষ।