
প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফরের সময় টোকিওতে থাকছেন না দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী। তাকে ঢাকায় রাখার সিদ্ধান্তের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, এটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব সিদ্ধান্ত।
শনিবার (২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠেয় কপ-৩১ সামনে রেখে ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়ন সংস্থার উদ্যোগে প্রস্তুত করা জাতীয় অবস্থানপত্র প্রকাশ ও জাতীয় সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।
জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর দেশটি সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সফরের মাধ্যমে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন শামা ওবায়েদ।
কপ-৩১ সম্মেলনে পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরতে চায় বাংলাদেশ। এ বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সীমিত বাজেট নিয়েও জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে কাজ করছে বাংলাদেশ। সম্মেলনে জ্বালানি রূপান্তরের পাশাপাশি পাটজাত পণ্যের সম্ভাবনাও তুলে ধরা হবে।
তিনি বলেন, বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা বাড়ানোর পাশাপাশি অভিযোজন ও প্রশমনে সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন। উন্নত দেশগুলোকে জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এ সহায়তা মূলত অনুদান হিসেবে দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, এতে জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর ঋণের বোঝা বাড়বে না। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট ক্ষয়ক্ষতি মোকাবিলায় একটি তহবিলও প্রয়োজন।
শামা ওবায়েদ বলেন, বৈশ্বিক পরিমণ্ডল ও আলোচনার টেবিলে কার্যকর ফল পেতে বাংলাদেশের ঐক্যবদ্ধ অবস্থান থাকা জরুরি। এ লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় আন্তমন্ত্রণালয় ফোকাল টিম গঠন করেছে। পরিবেশ নিয়ে কাজ করা তরুণদেরও এ প্রক্রিয়ায় যুক্ত করার সুযোগ রয়েছে।