
ধর্মীয় পরিচয় নিয়ে প্রশ্ন তুলে সমালোচনা করা হলেও অন্য ধর্মের উৎসবে অংশ নেওয়াকে ব্যক্তিগত বিশ্বাস ও পছন্দের বিষয় বলে মনে করেন অভিনেত্রী নুসরাত জাহান। দুর্গাপূজায় অংশ নেওয়া, সিঁথিতে সিঁদুর ও হাতে শাঁখা-পলা পরা নিয়ে সমালোচনার জবাবে তিনি বলেছেন, বিশ্বাস ও নিষ্ঠা নিয়ে অন্য ধর্মের উৎসবে অংশ নিলে কাউকে জবাবদিহি করতে হবে কেন?
দুর্গাপূজার বিজয়া দশমীতে লাল পাড় সাদা শাড়ি পরে উমাবরণ করতে দেখা যায় নুসরাতকে। এ সময় তার হাতে শাঁখা-পলা ও সিঁথিতে সিঁদুর ছিল। তার এই সাজ ও পূজার আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার বিষয়টি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক শুরু হয়। কেউ কেউ প্রশ্ন তোলেন, মুসলিম পরিবারে জন্ম নেওয়া নুসরাত কেন হিন্দু বিবাহিত নারীর সাজে পূজার বিভিন্ন রীতিতে অংশ নেন।
সম্প্রতি একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব সমালোচনা নিয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি জানান, অনেকে তাকে তার নামের শেষাংশ ‘জাহান’ মনে করিয়ে দেন। তবে এ ধরনের মন্তব্যের জবাব তিনি কখনো দেননি।
নুসরাতের মতে, অন্য ধর্মের হয়েও যারা বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে দেবীর আরাধনা করেন কিংবা সিঁদুর খেলায় অংশ নেন, তাদেরও এ জন্য জবাবদিহি করতে বলা উচিত নয়। ধর্মীয় উৎসবে অংশ নেওয়া ব্যক্তিগত পছন্দ ও বিশ্বাসের বিষয় বলেও উল্লেখ করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে উদ্দেশ করে করা মন্তব্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন অভিনেত্রী। তার ভাষ্য, নিজের ধর্ম সম্পর্কে সবকিছু জানেন বলে যারা মনে করেন, অন্যের ব্যক্তিগত বিশ্বাস নিয়ে মন্তব্য করার আগে তাদের ভাবা উচিত। প্রত্যেককে নিজের বিশ্বাস নিজের কাছে রেখে নিজের মতো ভালো থাকার পরামর্শও দিয়েছেন তিনি।
এর আগেও বিভিন্ন ধর্মীয় উৎসবে অংশ নেওয়া নিয়ে সমালোচনার মুখে পড়েছেন নুসরাত। শাঁখা-পলা পরা, সিঁদুর ব্যবহার কিংবা হিন্দু ধর্মীয় আচার পালনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলেই তাকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। তবে এসব সমালোচনা উপেক্ষা করে নিজের পছন্দ অনুযায়ী জীবনযাপন করে আসছেন তিনি।
দুর্গাপূজার পাশাপাশি নিজের বাড়িতে জন্মাষ্টমী, শিবরাত্রি ও দীপাবলির মতো উৎসবও পালন করেন নুসরাত। তার এই অবস্থান নিয়ে প্রশংসা যেমন রয়েছে, তেমনি সমালোচনাও অব্যাহত রয়েছে।