
গাজীপুরের কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে লাগা আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিনির্বাপণে কাজ করে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।
এর আগে সকাল সোয়া ১০টার দিকে মহানগরীর পশ্চিম শৈলডুবি এলাকায় গুদামটিতে আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাইদুল আলম চৌধুরী।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর কারখানার কর্মী ও স্থানীয় বাসিন্দারা প্রথমে নিজেরাই তা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি ও সারাবো ফায়ার সার্ভিস স্টেশনের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরিস্থিতি বিবেচনায় পরে আরও পাঁচটি ইউনিট যোগ দেয়।
মো. সাইদুল আলম চৌধুরী জানান, আগুন নিয়ন্ত্রণে আনতে চারদিক থেকে ঘিরে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে অগ্নিনির্বাপণ কৌশল প্রয়োগ করা হয়। তবে পানির সংকটের কারণে কাজ করতে কিছুটা বেগ পেতে হয়েছে। শেষ পর্যন্ত নয়টি ইউনিটের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে।