
দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী ২৪ ঘণ্টার মধ্যে পুরোপুরি বিদায় নিতে পারে। তবে এর প্রভাবে আগামী দুই দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি ধরনের ভারী বৃষ্টিও।
বুধবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবিরের দেওয়া পূর্বাভাসে এ কথা জানানো হয়।
অধিদপ্তর জানায়, মৌসুমি বায়ু ইতোমধ্যে বাংলাদেশের পশ্চিমাঞ্চল থেকে বিদায় নিয়েছে। বর্তমানে দক্ষিণ ও পূর্বাঞ্চলের ওপর এটি কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের বাকি অংশ থেকেও এর বিদায় নেওয়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, বুধবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বৃহস্পতিবার বৃষ্টির বিস্তৃতি আরও বাড়তে পারে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। বৃহস্পতিবার দিনের তাপমাত্রা সামান্য কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৪২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ঈশ্বরদীতে। এ সময়ে সর্বোচ্চ ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল খুলনার কয়রায়। সর্বনিম্ন ২১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।