
আইটি-নির্ভর পোস্টাল ব্যালট ব্যবস্থাসহ নির্বাচনসংক্রান্ত বিভিন্ন বিষয়ে অভিজ্ঞতা বিনিময়ে বাংলাদেশের নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসেছে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল।
বুধবার (৭ অক্টোবর) সকাল পৌনে ১১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। এতে নেপালের নির্বাচন কমিশনের কমিশনারসহ ছয় সদস্যের প্রতিনিধিদল অংশ নেয়।
বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার এমএম নাসির উদ্দিনের নেতৃত্বে ছয় নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে উপস্থিত রয়েছেন।
বৈঠকে দুই দেশের নির্বাচন ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ গুরুত্ব পাবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট ব্যবস্থা। পাশাপাশি নির্বাচন পরিচালনার পদ্ধতি, ব্যবস্থাপনার অভিজ্ঞতা এবং পারস্পরিক সহযোগিতার সম্ভাবনা নিয়েও আলোচনা করবেন দুই দেশের কর্মকর্তারা।
নির্বাচন আয়োজন ও পরিচালনায় দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে ভবিষ্যতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করার বিষয়টিও বৈঠকের আলোচনায় থাকতে পারে।