
শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা ছাড়া গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং জনগণের অংশগ্রহণ ও জবাবদিহি নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।
রোববার (১৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন। এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন।
মঈন খান বলেন, গণতন্ত্রের ভিত্তি তৃণমূল পর্যায়ে শক্তিশালী না হলে রাষ্ট্রের সামগ্রিক গণতান্ত্রিক কাঠামোও সুদৃঢ় করা সম্ভব নয়। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে কার্যকর স্থানীয় সরকার ব্যবস্থার গুরুত্বও তুলে ধরেন তিনি।
স্থানীয় সরকারকে শক্তিশালী করতে প্রকৃত বিকেন্দ্রীকরণ, স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণের সুযোগ এবং জনগণের অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দেন মন্ত্রী। একই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে বদ্ধপরিকর বলেও জানান তিনি।
বৈঠকে বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদার, স্থানীয় সরকার ও গণতন্ত্র শক্তিশালীকরণ, স্থানীয় সরকার নির্বাচন, গ্রামীণ নারীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেংগলি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি, জবাবদিহি বাড়ানো ও নারী ক্ষমতায়নের ক্ষেত্রে দুই দেশের অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্ব দেন।
পরে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি, বিকেন্দ্রীকরণ ও স্থানীয় পর্যায়ে জনগণের অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে।
বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।