-6aa109781d125.webp)
স্বামী-স্ত্রী উভয়ের কর্মস্থল কাছাকাছি, একই জায়গা, শহর কিংবা একই উপজেলায় রাখার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার সংসদে বিরোধী দলের সদস্য মারদিয়া মমতাজের বিধি-৭১-এর আওতায় জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে তিনি এ কথা বলেন।
সমাজকল্যাণমন্ত্রী জানান, মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীনে বর্তমানে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় মোট ৬৪টি ডে-কেয়ার সেন্টার পরিচালিত হচ্ছে। এর মধ্যে ৪৪টি ইতোমধ্যে কার্যক্রম চালাচ্ছে এবং বিভিন্ন অঞ্চলে রয়েছে আরও ২০টি।
তিনি বলেন, সারা দেশে আরও ৬০টি ডে-কেয়ার সেন্টার স্থাপনের কার্যক্রম অব্যাহত রয়েছে। বর্তমানে পরিচালিত কেন্দ্রগুলোতে ১৫ দিন থেকে ছয় বছর বয়সী ৪ হাজার ৫০টি শিশুকে তাদের মায়েদের অফিস চলাকালীন সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত রাখার ব্যবস্থা রয়েছে।
মন্ত্রী আরও জানান, বর্তমানে ৫৩টি শিশু দিবাযত্ন কেন্দ্রে কর্মরত মায়েদের জন্য ব্রেস্টফিডিং সেন্টার রয়েছে। আরও ১১টি ব্রেস্টফিডিং সেন্টার স্থাপনের কাজ প্রায় শেষ পর্যায়ে। পাশাপাশি আরও ১২টি সেন্টারে শিগগিরই এ সুবিধা চালু করা হবে।
তিনি বলেন, এসব কার্যক্রম শেষ হলে মোট ৬৪টি ডে-কেয়ার সেন্টারেই ব্রেস্টফিডিংয়ের ব্যবস্থা নিশ্চিত করা হবে।