
লিওনেল মেসির যুগের আনুষ্ঠানিক অবসান ঘটেছে। ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর।
মেসির বিদায়ের পর আর্জেন্টিনা জাতীয় দলের নেতৃত্ব কার কাঁধে উঠবে, তা নিয়ে চলছিল নানা আলোচনা। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে নতুন অধিনায়ক হিসেবে ক্রিশ্চিয়ান ‘কুটি’ রোমেরোর নাম ঘোষণা করেছেন প্রধান কোচ লিওনেল স্কালোনি।
২৮ বছর বয়সী এই সেন্ট্রাল ডিফেন্ডারকে অধিনায়ক করার সিদ্ধান্ত অবশ্য আকস্মিক নয়। গ্যাস্টন এদুলের বরাতে টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ২০২৬ বিশ্বকাপের কয়েক মাস আগেই এ পরিকল্পনা করে রেখেছিল আর্জেন্টিনার কোচিং স্টাফ।
মেসি ও নিকোলাস ওটামেন্দির অবসরের পর রক্ষণভাগের অন্যতম প্রধান স্তম্ভ রোমেরোর হাতেই অধিনায়কের আর্মব্যান্ড উঠবে—এমন পরিকল্পনা আগে থেকেই ছিল।
আর্জেন্টিনার সাম্প্রতিক সোনালি সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় রোমেরো। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা এবং কাতার বিশ্বকাপ জয়ে দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি।
অধিনায়ক হিসেবে নতুন এক ফুটবল চক্রের নেতৃত্ব দিতে যাচ্ছেন রোমেরো। মাঠের নেতৃত্বে তাকে সহযোগিতা করবেন অভিজ্ঞ গোলরক্ষক ও সহ-অধিনায়ক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজসহ দলের অন্যান্য সিনিয়র খেলোয়াড়রা।