
সন্ত্রাস দমন ও অবৈধ অস্ত্র উদ্ধারে সারাদেশে বিশেষ অভিযান জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে মাদক চোরাচালান, সন্ত্রাসী কর্মকাণ্ড ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযান চালানোর কথাও জানিয়েছেন তিনি।
শনিবার (২৯ আগস্ট) রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ত্রৈমাসিক অপরাধ পর্যালোচনা সভা’ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
সালাহউদ্দিন আহমদ বলেন, সারাদেশে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। পাশাপাশি মাদক চোরাচালান, সন্ত্রাসী, চাঁদাবাজি ধরার জন্যও আমরা বিশেষ অভিযান পরিচালনা করবো।
তিনি জানান, গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য-সহায়তা নিয়ে এসব কার্যক্রম পরিচালনা করা হবে। এ ধরনের অভিযান ইতোমধ্যে চলমান রয়েছে এবং তা আরও জোরদার করতে সংশ্লিষ্টদের নতুন করে পরামর্শ দেওয়া হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘গোয়েন্দা সংস্থাগুলোর ইন্টেলিজেন্স সাপোর্ট নিয়ে আমরা সেই কার্যক্রম পরিচালনা করবো। এটা চালু আছে। এগুলো জোরদার করার জন্য আমরা আজকে আরও পরামর্শ দিয়েছি। কিছু কৌশল প্রণয়ন করেছি। যেটা এখানে আমার বলা ঠিক হবে না।’