
আদালতের বিচারিক সিদ্ধান্তে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার নিয়ে সতর্ক করে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী বলেছেন, কোনোভাবেই এআই ব্যবহার করে আদালতের রায় লেখা যাবে না। মামলার বিষয়বস্তু, প্রযোজ্য আইন ও ধারা, তথ্য-উপাত্ত এবং সর্বোপরি বিচারকের বিবেক—এসব কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে বিচার করা সম্ভব নয়।
শনিবার (২৯ আগস্ট) রাজধানীর এশিয়াটিক সোসাইটি বাংলাদেশ মিলনায়তনে দেশের প্রথম এআই গভর্নেন্স সামার স্কুলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, বিচারিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এআই ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রযুক্তিটির ব্যবহার কোথায় এবং কতটুকু করা যাবে, তা নির্ধারণে কার্যকর আইন ও নীতিমালা প্রণয়ন জরুরি।
তিনি বলেন, মানুষের জীবনকে সহজ করা এবং মৌলিক অধিকার সুরক্ষার উদ্দেশ্যেই এআই প্রযুক্তি ব্যবহার করা উচিত।
এআই ব্যবহারের জন্য শুধু প্রযুক্তিগত অবকাঠামো থাকলেই হবে না, প্রশিক্ষণ ও দক্ষতাকেও সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি। একই সঙ্গে যাচাই-বাছাই না করে এআই থেকে পাওয়া তথ্য সরাসরি ব্যবহার করলে তা ঝুঁকিপূর্ণ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।