
আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন। এই নির্বাচন পরিচালনায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনকে নির্বাচনি কর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁকে দাফতরিক সহায়তা দিতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ ২০ কর্মকর্তাকে নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
ইসি উপসচিব মোহাম্মদ মনির হোসেনের সই করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।
অফিস আদেশে বলা হয়, রাষ্ট্রপতি নির্বাচন-২০২৬ আগামী ২০ আগস্ট অনুষ্ঠানের লক্ষ্যে ৬ আগস্ট নির্বাচনের সময়সূচি ঘোষণা করা হয়েছে। এ নির্বাচনে নির্বাচনি কর্তা হিসেবে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করবেন। নির্বাচন পরিচালনায় তাঁকে দাফতরিক সহায়তা দেওয়ার জন্য ভোটগ্রহণের দিন বৃহস্পতিবার ২০ আগস্ট দুপুর ২টায় ঢাকার শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে দায়িত্ব পালনের জন্য ২০ কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, যুগ্মসচিব মো. মঈন উদ্দীন খান, উপসচিব রাশেদুল ইসলাম, পরিচালক মো. সাইফুল ইসলাম, উপসচিব মোহাম্মদ মনির হোসেন, উপসচিব মুনীর হোসাইন খান, প্রধান নির্বাচন কমিশনারের একান্ত সচিব মোহাম্মদ আশ্রাফুল আলম এবং সিনিয়র সচিবের একান্ত সচিব মো. মোখলেছুর রহমান।
এ ছাড়া দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের তালিকায় রয়েছেন সিনিয়র সহকারী সচিব এ.টি.এম. শামীম মাহমুদ, সিনিয়র সহকারী সচিব সৈয়দ আফজাল আহাম্মেদ, সিনিয়র সহকারী সচিব মো. রশিদ মিয়া, একান্ত সচিব এ এস এম জাকির হোসেন, একান্ত সচিব এস এম হাবিবুর রহমান, সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী, সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম, একান্ত সচিব মোহাম্মদ কামরুজ্জামান, সিনিয়র সহকারী সচিব আসমা দিলারা জান্নাত, একান্ত সচিব রৌশন আরা বেগম, সিনিয়র সহকারী সচিব আরাফাত আরা এবং সিনিয়র সহকারী সচিব এ.এস.এম. ইকবাল হাসান।
বাসস।