
জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালিয়ে যাওয়া অন্তত ৬৯০ বন্দি এখনো পলাতক রয়েছেন। তাদের মধ্যে ১৬৬ জনের পরিচয় এখনো নিশ্চিত করা সম্ভব হয়নি।
মঙ্গলবার (১৮ আগস্ট) কারা অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোতাহের হোসেন।
তিনি জানান, ওই অস্থিরতার সময় দেশের বিভিন্ন কারাগার থেকে মোট ২ হাজার ২৪০ জন বন্দি পালিয়ে গিয়েছিলেন। তাদের অধিকাংশকেই এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
আইজি প্রিজন জানান, নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৬৬ বন্দির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। হামলা ও অগ্নিসংযোগের সময় কারাগারের সার্ভার ও ডাটাবেজসহ যাবতীয় নথি ক্ষতিগ্রস্ত হওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা যাচ্ছে না।
তিনি বলেন, ‘সে সময় সার্ভার ও ডাটাবেস ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া ১৬৬ জন বন্দীর পরিচয় আমরা নিশ্চিত করতে পারিনি।’
পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে ৯ জন জঙ্গিবাদের মামলায় অভিযুক্ত ছিলেন। তাদের মধ্যে ছয়জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। বাকি তিনজন এখনো পলাতক রয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সৈয়দ মোতাহের হোসেন জানান, গ্রেপ্তার হওয়া ছয়জনের মধ্যে জুয়েল নামে একজন জামিন পেয়েছিলেন। তবে সম্প্রতি তাকে পুনরায় গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, পলাতক বন্দিদের অধিকাংশই জঙ্গি নন। তারা বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত অথবা বিচারাধীন আসামি।
আইজি প্রিজন বলেন, পলাতক বন্দিদের গ্রেপ্তারের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ন্যস্ত। অন্যদিকে কারা কর্তৃপক্ষ তাদের প্রয়োজনীয় তথ্য ও অন্যান্য সহযোগিতা দিয়ে যাচ্ছে।
কর্মকর্তারা জানান, ১৬৬ জন অজ্ঞাতপরিচয় পলাতক বন্দির নাম, ঠিকানা ও মামলার বিবরণ হাতে না থাকায় বাকি পলাতকদের খুঁজে বের করার কাজ আরও কঠিন হয়ে পড়েছে।