
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সংখ্যা ও তাদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমার সরকারের দেওয়া সাম্প্রতিক বক্তব্যের ব্যাখ্যা চেয়ে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে মিয়ানমারের রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে হাজির হন। বৈঠকে রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের দেওয়া তথ্যকে ভুল হিসেবে উল্লেখ করে জাতিসংঘের নিবন্ধিত তথ্যকে গ্রহণযোগ্য বলে জানিয়েছে ঢাকা।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও অতিরিক্ত পররাষ্ট্র সচিব এ কে এম শহীদুল করিম বিবিসি বাংলাকে বলেন, ‘মিয়ানমার থেকে যে একটা স্টেটমেন্ট ইস্যু হয়েছে সে বিষয়ে আলোচনার জন্য তাকে ডাকা হয়েছে।’
এর আগে শনিবার মিয়ানমার সরকার এক বিবৃতিতে জানায়, বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে তিন লাখের বেশি মানুষ মিয়ানমারের রাখাইন রাজ্যের বাসিন্দা।
বিবৃতিতে বলা হয়, রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে মিয়ানমার প্রায় তিন লাখ রোহিঙ্গা শরণার্থীকে দেশে ফিরিয়ে নিতে প্রস্তুত।
তবে ওই বিবৃতিতে রোহিঙ্গা জনগোষ্ঠীকে ‘বাঙালি’ হিসেবে উল্লেখ করা হয়। মিয়ানমারের এমন বক্তব্যের পরই দেশটির রাষ্ট্রদূতকে তলব করে বাংলাদেশ।