
ভোলার লালমোহনে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে টমটমের চাপায় জিসান নামের ৭ বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১৮ আগস্ট) দুপুরে উপজেলার লর্ডহাডিঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ড প্যায়ারীমোহনের বটতলা এলাকায় রায়চাঁদ-লর্ডহাডিঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিসান ওই এলাকার রুবেলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জিসান গঙ্গারাম দাস মন্দিরের পাঠশালায় শিশু শ্রেণিতে পড়ত। ক্লাস শেষে বাড়ি ফেরার সময় রাস্তা পার হতে গিয়ে একটি দ্রুতগামী ইঞ্জিনচালিত টমটমের নিচে চাপা পড়ে সে।
পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জিসানকে চরফ্যাশন উপজেলা হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লালমোহন থানার অফিসার ইনচার্জ মো. অলিউল ইসলাম বলেন, লর্ডহাডিঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহিম মিয়া আমাদের জানিয়েছেন দুর্ঘটনাকবলিত টমটমটি তাদের জিম্মায় রয়েছে।
যেহেতু শিশুটিকে চরফ্যাশন হাসপাতালে নেওয়া হয়েছে, তাই পরিবারকে মৃত্যু সনদ সংগ্রহ করে রাখতে বলা হয়েছে। পরিবারের পক্ষ থেকে থানায় এসে অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।